মাটিতে হলুদ বিন্দুর খোঁজে মিলল প্রায় দুই কোটি টাকার সোনার খণ্ড
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে মাটি খুঁড়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি বিশালাকার সোনার টুকরো আবিষ্কার করেছেন এক শৌখিন অনুসন্ধানকারী। ছোট্ট একটি হলুদ বিন্দু দেখে কৌতূহলী হয়ে খোঁড়াখুঁড়ি শুরু করার পরই এ মূল্যবান ধাতুর সন্ধান পান তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, ঘটনাটি ঘটেছে সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত শহর টিবুবুরার কাছাকাছি অবস্থিত মাউন্ট স্টুয়ার্ট স্টেশনে।
ওই অনুসন্ধানকারী বেশ কিছুদিন ধরে ওই এলাকায় সোনার সন্ধান চালাচ্ছিলেন। তবে মূল্যবান ধাতু পাওয়ার পরিবর্তে তার মেটাল ডিটেক্টরে বারবার পুরোনো পেরেক, ঘোড়ার খুর ও ব্যবহৃত গুলির মতো অপ্রয়োজনীয় জিনিস ধরা পড়ছিল। এর মধ্যেই একদিন তিনি মাটিতে একটি ক্ষীণ হলুদ আভা দেখতে পান। বিন্দুটি দেখে কৌতূহল জাগলে তিনি মাটি সরাতে শুরু করেন এবং আলুর আকারের একটি সোনার খণ্ড দেখতে পান।
পাওয়া যাওয়া সোনার খণ্ডটির ওজন প্রায় ১.২ কেজি। এর মধ্যে প্রায় ৯৪০ গ্রাম খাঁটি সোনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধু ওজনের ওপর ভিত্তি করে এর বাজারমূল্য দেড় লাখ থেকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮৩ লাখ থেকে ১ কোটি ৯৫ লাখ টাকা)। তবে কোনো ব্যক্তিগত সংগ্রাহকের কাছে এটি বিক্রি করা গেলে এর দাম প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা পর্যন্ত উঠতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











