রংপুরের মিঠাপুকুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪, আহত ১৪
রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। নিহতদের মধ্যে তিনজনই ঢাকাফেরত পোশাক শ্রমিক বলে জানা গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ বাজার সংলগ্ন শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিকরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান, গোলাপী বেগম ও আলমগীর হোসেন। অপর নিহত ব্যক্তি আপেল, যিনি বাসের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
প্রাসঙ্গিক সংবাদ
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা 'খান এন্টারপ্রাইজ'-এর একটি নৈশকোচ মহাসড়কের পাশে থেমে থাকা মাটিবোঝাই ডাম্প ট্রাকটির পেছনে সজোরে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির অগ্রভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উদ্ধারকৃত আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার (সর্দার) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার খবর নিশ্চিত করে বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











