ফ্যাসিস্ট সরকার লুটপাট করে স্বাস্থ্য খাত ধ্বংস করেছে: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত
ফ্যাসিস্ট সরকার ব্যাপক লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের পুরো স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং তা শহর থেকে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত করা।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) উদ্যোগে কসবা ও আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানও উপস্থিত ছিলেন।
উদ্বোধন হওয়া এই মোবাইল হাসপাতালের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ নানা ধরনের জরুরি ও মৌলিক চিকিৎসাসেবা পাবে। এর মধ্যে রয়েছে সাধারণ চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, ডেন্টাল বা দাঁতের চিকিৎসা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ। আয়োজক প্রতিষ্ঠানের এই উদ্যোগে গ্রামের অবহেলিত মানুষ সহজেই ঘরের কাছে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











