দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৮২
দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের প্রাণহানি ঘটেছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮২ জন রোগী। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। এছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। কেবল এই বিভাগেই নতুন করে ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ছয়জন।
এর বাইরে চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন একজন। খুলনা বিভাগে ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়ে মারা গেছেন একজন। রাজশাহী বিভাগে ২১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন একজন।
পাশাপাশি বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৩০ হাজার ২১৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ২০৫ জন রোগী।
বিভাগভিত্তিক মোট মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ), যেখানে মারা গেছেন ১৯২ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











