দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা
দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে।
আজ থেকে কার্যকর হওয়া নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন ভেদে এর সঙ্গে মজুরি যুক্ত হতে পারে। তবে স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
উল্লেখ্য, এর আগে গত ২৮ অক্টোবর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৬২ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬৫ দফা কমানো হয়েছে। এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











