জাপান সফরে বাংলাদেশের দুই প্রকল্পে ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি, ৬টি দ্বিপক্ষীয় চুক্তি সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে ছয়টি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের দুটি উন্নয়ন প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর টোকিও পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এই সফরে সফররত প্রতিনিধিদলের অর্জনসমূহ সম্পর্কে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন।
স্বাক্ষরিত দ্বিপক্ষীয় দলিলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি টহল জাহাজ সরবরাহ সংক্রান্ত অনুদান চুক্তি। ২.১২ বিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার) অনুদানের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও দ্বিপক্ষীয় ব্যবসায়ী পরিবেশের উন্নয়নে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে একটি সহযোগিতা স্মারক (এমওসি) সই হয়েছে।
অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তির মধ্যে বাংলাদেশের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের পৃথক দুটি পৃথক সহযোগিতা স্মারক রয়েছে। একই সাথে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইএসডিপি) বিষয়ক সহযোগিতা স্মারক এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার জন্য দুই দেশের পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্র (এলওআই) স্বাক্ষরিত হয়।
অর্থনৈতিক ঋণ সহায়তার অংশ হিসেবে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন প্রকল্পে ১৫.৮৮ বিলিয়ন ইয়েন (প্রায় ১০০.৮ মিলিয়ন ডলার) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে ৩০.৬৮ বিলিয়ন ইয়েন (প্রায় ১৯৪.৭ মিলিয়ন ডলার) ঋণের আশ্বাস দিয়েছে জাপান। দুটি প্রকল্প মিলে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬.৫৬ বিলিয়ন জাপানি ইয়েন বা ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং বাণিজ্য সম্পর্ক প্রসারের বিষয়টি প্রাধান্য পায়। প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











