রাজধানীর তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা সংলগ্ন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফে. লে. (অব.) তাহসিফ সুরির (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান জানান, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা সংলগ্ন তুরাগ নদ থেকে লাশটি উদ্ধার করেন।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় তাঁর পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল। এ ছাড়া তাঁর কাছে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। পরবর্তীতে আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির পিতার নাম কে এম এনায়েতুর এবং তাঁর ঠিকানা রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১৪বি রোড।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করার জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ থাকে যে, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণের সাথে তাঁর সম্পৃক্ততা নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা থাকলেও গণমাধ্যমের কাছে এর কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











