একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ৪টির অনুমোদন স্থগিত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপনসহ মোট ৪টি প্রকল্পের সিদ্ধান্ত স্থগিত রেখে সেগুলো আরও নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া ৪টি প্রকল্পের তালিকায় রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প, 'প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ' এবং 'মেট্রো ঢাকা: ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন'। এসব প্রকল্প অধিকতর যাচাই-বাছাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—বাংলাদেশ পুলিশের কার্যক্ষমতা বৃদ্ধি ও অপারেশনাল সুবিধা নিশ্চিত করতে বিশেষায়িত যানবাহন কেনা এবং তিতাস গ্যাসক্ষেত্রে 'তিতাস-৩২' ও 'তিতাস-৩৩' নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন প্রকল্প।
এছাড়া বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন, ৫টি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন, বরিশাল সিটি করপোরেশনের খালের পাড় সংরক্ষণ ও পুনঃখনন (১ম পর্ব), ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট, ঢাকা সেনানিবাসের মঈনুল রোডে বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ, জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের বহুতল ভবন এবং গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প অনুমোদন লাভ করেছে।
এদিকে, ৫০ কোটি টাকার নিচে ব্যয় নির্ধারিত হওয়ায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যেসব ছোট প্রকল্প অনুমোদন দিয়েছিলেন, নিয়ম অনুযায়ী সভার শুরুতে সেগুলো একনেককে অবহিত করা হয়। এর মধ্যে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আধুনিকায়ন, ঢাকা উত্তর সিটিতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আধুনিকায়ন ও শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত প্রকল্প রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে তা পিছিয়ে ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











