পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর, বেতন মিলবে জানুয়ারিতে

০৪ নভেম্বর ২০২৬ - ১৬:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর, বেতন মিলবে জানুয়ারিতে
ছবি সংগৃহীত

আগামী ১ ডিসেম্বর থেকে দেশের পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কার্যকর করা হবে। এর ফলে আগামী জানুয়ারি মাস থেকেই নির্ধারিত নতুন বেতনকাঠামো অনুযায়ী মজুরি হাতে পাবেন শ্রমিকরা। নতুন এই কাঠামোতে যাদের বর্তমান বেতন নির্ধারিত ন্যূনতম বেতনের চেয়ে কম থাকবে, তাদের সেই ঘাটতি অতিরিক্ত অর্থ দিয়ে সমন্বয় করা হবে। মালিক ও শ্রমিক পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

​সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি ডিসেম্বরের মধ্যেই নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে এবং তা গত ১ ডিসেম্বর থেকে কার্যকর বলে গণ্য করা হবে। ফলে জানুয়ারি মাসের বেতন পরিশোধের সময় থেকেই শ্রমিকরা নতুন কাঠামোর সুফল পাবেন।

​শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে নতুন বেতন পরিশোধের বিষয়ে দুইপক্ষই একমত হয়েছে। এ সময় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিকদের কাজে মন দিয়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে।

​বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, পূর্বের মতো এবার আর কোনো কালক্ষেপণ করা হবে না। স্বল্পতম সময়ের মধ্যেই নিম্নতম মজুরির সুপারিশ চূড়ান্ত করা হবে।

​অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই বাড়তি বেতন বাস্তবায়নের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা অনিশ্চয়তা থাকবে না বলে তারা আশ্বস্ত করেছেন।

​উল্লেখ্য, পোশাক শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0