দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬৬
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন রোগী।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নতুন এই মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। এছাড়া এ বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে।
প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় নতুন রোগীরা হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর ঘটনা ঘটে। এর আগের তিন দিন রবি, সোম ও মঙ্গলবারও প্রতিদিন ছয়জন করে ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে চলতি বছরের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে অক্টোবরে। সদ্য সমাপ্ত ওই মাসে এডিস মশাবাহিত এ রোগে মারা গেছেন ১৭৪ জন। এর আগে সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা ছিল ১৪৮। উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে মোট আক্রান্ত ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











