আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর

০৪ নভেম্বর ২০২৬ - ২২:১৬
প্রকাশিত: ৫৫ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোছা. মাহিয়া খাতুন (১৩) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের বাদল স্মৃতি একাডেমির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই কিশোরীকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেন।

​নিহত মাহিয়া খাতুন আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান টুটুলের মেয়ে। এছাড়া সে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের চাচাতো ভাইয়ের মেয়ে বলে জানা গেছে।

​পরিবার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাহিয়া বাদেমাজু গ্রামে তার মামা ও নানির বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন দুপুরে মামার বাড়ির পাশের বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির পুকুরে মামার নাতনিসহ আরও এক কিশোরীর সঙ্গে গোসল করতে নামে সে। সাঁতার না জানার কারণে তিনজনই একপর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করেন।

​উদ্ধারের পর মাহিয়ার অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, তবে পথেই তার মৃত্যু হয়। এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

​ছত্রপাড়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষিকা মোছা. সুমাইয়া খাতুন জানান, মাহিয়া গত চার বছর ধরে ওই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করছিল এবং ইতোমধ্যে চার পারা কোরআন হেফজ সম্পন্ন করেছিল। তিনি বলেন, মাহিয়া খুবই নরম ও ভদ্র স্বভাবের একটি মেয়ে ছিল। তিন দিন আগে মামার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য সে ছুটি নিয়েছিল।

​এদিকে, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির পুকুরটি নিয়ে স্থানীয়দের মধ্যে আগে থেকেই বিভিন্ন আলোচনা ছিল। এলাকাবাসী ও যুবসমাজ পুকুরটি ভরাট করে খেলার মাঠ তৈরির দাবিতে পূর্বে আন্দোলন ও মানববন্ধন করেছিলেন। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ পুকুরটি সংস্কার করে সাঁতার শেখার উপযোগী করার পরিকল্পনা নিয়েছিল। সেই পুকুরেই এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।

​ঘটনার পর আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এই অকাল মৃত্যুতে বাদেমাজু ও ছত্রপাড়া গ্রামসহ পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0