আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
চলমান বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পোশাক খাতের অসন্তোষ ও সাম্প্রতিক সহিংস পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের পূর্বেই ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে বোর্ড প্রথম বৈঠকও সম্পন্ন করেছে। শ্রমিক পক্ষের প্রতিনিধি নির্বাচনে বিলম্বের কারণে মজুরি বোর্ড গঠনে কিছুটা সময় লেগেছিল। প্রধানমন্ত্রী স্বয়ং শ্রমিক, শ্রম ও শিল্পবান্ধব উদ্যোগের প্রতি আন্তরিক এবং আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন মজুরি নির্ধারিত সময়ের আগেই ঘোষণার নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ তুলে বলেন, বর্তমানে শ্রমিকদের নির্দিষ্ট কোনো দাবি না থাকা সত্ত্বেও অ-শ্রমিক একটি গোষ্ঠী শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির পাঁতারা করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করছে। এসব সহিংস ঘটনার পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও কিছু শিল্পমালিকসহ মাফিয়া শক্তি এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, শ্রমিক নেতা ও মালিকপক্ষের সাথে আলোচনায় নিশ্চিত হওয়া গেছে যে বর্তমান সহিংসতা সাধারণ শ্রমিকদের কাজ নয়। সরকার সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। হামলায় বহু পুলিশ সদস্য আহত হওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সংযম দেখিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের অনতিবিলম্বে কাজে ফেরার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











