আদনান আল রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’-এ নিশো ও মেহজাবীন
নাটক ও বিজ্ঞাপন নির্মাণের সুপরিচিত মুখ আদনান আল রাজীব এবার বড় পর্দায় পা রাখছেন। পরিচালক হিসেবে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। সম্পূর্ণ প্রেমের গল্পের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হবে।
বুধবার রাতে সংশ্লিষ্ট নির্মাতা এবং এই দুই অভিনয়শিল্পীর মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে আদনান আল রাজীব নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেও তখন সিনেমাটির নাম কিংবা কলাকুশলীদের পরিচয় প্রকাশ করেননি। তবে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি ‘অপলক’ সিনেমার নাম এবং কেন্দ্রীয় চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে নির্মাতা লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো এবং মেহজাবীন চৌধুরী। আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।’
উল্লেখ্য, এর আগে ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন আদনান আল রাজীব। নাটকের পাশাপাশি বিভিন্ন প্রশংসিত বিজ্ঞাপন নির্মাণেও রয়েছে তার বিশেষ অবদান। এবার বড় পর্দায় নতুন এই যাত্রার মধ্য দিয়ে তিনি সিনেমা পরিচালনায় নাম লেখালেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











