আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এসংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্তে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ছাত্রীর বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজন বিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠার পর জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে হেফাজতে নিয়ে থানায় যায়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল স্বাক্ষরিত ওই অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৩ নভেম্বর অভিযুক্ত শিক্ষক এনামুল হককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। সরকারি চাকরিবিধি অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন মন্তব্য করেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় ও অপ্রত্যাশিত। অভিযোগটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











