বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল ৫টি চিরকুট
বরিশাল নগরীর প্যারা রোড এলাকার দৈনিক সমকাল কার্যালয় থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ব্যুরো অফিস থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত পুলক চ্যাটার্জি বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকার বিশ্বপতি চ্যাটার্জির ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালে সমকালের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে তিনি বেকার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা ও এক মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও চিরকুট উদ্ধার
ঘটনার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সিআইডিসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, নিহতের পকেট থেকে ৫টি হস্তলিখিত চিরকুট বা 'সুইসাইড নোট' উদ্ধার করা হয়েছে। পুলিশ, স্বজন ও সহকর্মীদের ধারণা—চিঠিগুলো পুলক চ্যাটার্জির নিজের লেখা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সালেহ মোহাম্মদ রায়হান জানান, উদ্ধারের সময় পকেটে ৫টি চিরকুট পাওয়ায় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সেখানে তিনি নিজেই আত্মহত্যার কথা উল্লেখ করেছেন।
চিরকুটে অসুস্থতা ও পাওনা টাকার আকুতি
পুলিশের দাবি, উদ্ধার হওয়া নোটগুলো নিহতের স্ত্রী, সন্তান, ভাই, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এবং সমকালের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক সুমন চৌধুরীর উদ্দেশে লেখা।
চিরকুটে পুলক চ্যাটার্জি উল্লেখ করেন, তিনি শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন এবং যন্ত্রণার কারণে আত্মহত্যা করছেন; এর জন্য কেউ দায়ী নয়। সহকর্মী সুমন চৌধুরীকে লেখা চিঠিতে তিনি দৈনিক সমকালে থাকা নিজের বকেয়া পাওনা আদায় করে স্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়া বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধের পাশাপাশি পরিবারকে দেখে রাখার কথা জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











