নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না: ইয়ার লাপিদ
ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে সরাসরি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিরোধী জোটকে বিজয়ী হিসেবে দেখছেন বিদায়ী বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া বেশ জটিল উল্লেখ করে তিনি ইসরায়েলি জনসাধারণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় লাপিদ বলেন, বিরোধীরা নির্বাচনে একটি স্পষ্ট ও তাৎক্ষণিক জয় চেয়েছিল, যা সম্ভব হয়নি। তবে বিভিন্ন দিক বিবেচনায় বিরোধী জোটই জয়ী হয়েছে। তিনি জানান, সরকার গঠনের জন্য পর্দার অন্তরালে নীরবে আলোচনা চলছে।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। এই আসনসংখ্যাকে নেতানিয়াহুর জন্য বড় বিপর্যয় হিসেবে আখ্যা দেন লাপিদ। তিনি উল্লেখ করেন, ওই ৫৩টি আসনের মধ্যে ১৩টি আসন এসেছে জায়নবাদবিরোধী হিসেবে পরিচিত দুটি দল—ইউনাইটেড তোরাহ জুডাইজম (৭ আসন) এবং শাস পার্টি (৬ আসন) থেকে। এগুলো বাদ দিলে নেতানিয়াহুর পক্ষে মূল সমর্থন থাকে মাত্র ৪০টি আসনে। লাপিদের মতে, পরিস্থিতি যা-ই হোক না কেন, প্রয়োজনীয় আসন না থাকায় নেতানিয়াহুর পক্ষে সরকার গঠন করা সম্ভব নয়।
এদিকে নির্বাচনে নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন পেলেও তাদের সামনেও সরকার গঠনের সমীকরণ সহজ নয়। ইহুদি-নেতৃত্বাধীন প্রধান তিনটি বিরোধী দল—ইয়াশার, বি’ইয়াচাদ ও ইসরায়েল বেইতেনু—আরব দলগুলোর (জয়েন্ট লিস্ট ও রা’আম) সঙ্গে জোট সরকারে না যাওয়ার অবস্থানে অটল।
নেতানিয়াহুবিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। লাপিদ জানান, সরকার গঠনের চূড়ান্ত চেষ্টার অংশ হিসেবে ছোট ছোট কক্ষে ও ক্যামেরার আড়ালে আলোচনা চালানো হচ্ছে, যা সময়সাপেক্ষ। কৌশলগত ও নিখুঁত পদক্ষেপে সফল হতে রাজনৈতিক ধীরস্থিরতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











