প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি: বিমানের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। সংস্থাটির অভ্যন্তরীণ এই কমিটিকে সার্বিক বিষয় পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কারিগরি ঘটনা ঘটলে প্রমিত পরিচালন পদ্ধতি (SOP) অনুযায়ী অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। সেই ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কমিটি দ্রুত তাদের প্রতিবেদন পেশ করবে।
গঠিত এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন বিমানের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। এতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের আইনিবিষয়ক ব্যবস্থাপক। তদন্ত সম্পন্ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেবে এই কমিটি।
কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে উড্ডয়নকালে দেখা দেওয়া কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন চিহ্নিত করার জন্য। পাশাপাশি উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল তা পর্যালোচনা করা এবং এই বিলম্বের কারণে বিমানের ভাবমূর্তি, সার্বিক পরিচালন ব্যবস্থা ও যাত্রীদের ওপর কী প্রভাব পড়েছে তা নিরূপণ করার দায়িত্বও দেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিজি ৩৭৭ নম্বরের বিশেষ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা আটকা পড়ে। পরবর্তীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব প্রকৌশলী দল এবং স্থানীয় জাপানি টেকনিশিয়ানদের যৌথ প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। প্রয়োজনীয় সংস্কার শেষে ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে পুশব্যাক করে এবং রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে নারিতা বিমানবন্দর ত্যাগ করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











