বিশ্ববাজারে আবার লাফিয়ে বাড়ল জ্বালানি তেলের দাম, ব্রেন্ট ক্রুড ১১৫ ডলার পার
আন্তর্জাতিক বাজারে তেলের দর ফের চড়াও হয়েছে। ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম বেড়ে ১১৫ ডলার অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার দাবির মুখে বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) এশিয়ার বাজারে দিনের শুরুতে প্রাথমিক কেনাবেচায় বিশ্বমানের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা ০.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১৫.৭৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৭২ ডলারে ঠেকেছে।
বাজার বিশ্লেষণ ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্যমতে, বিশ্ববাজারে তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা টানা চতুর্থ মাসের মতো বজায় রয়েছে। চলতি অক্টোবর মাসেই ব্রেন্ট ক্রুডের দাম সামগ্রিকভাবে প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে প্রাক্কলন করা হচ্ছে।
সাম্প্রতিক এই চরম দরবৃদ্ধির পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে সৌদি আরবের প্রধান তেল স্থাপনাগুলোতে হামলার খবর। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আবকাইক স্থাপনা ছাড়াও রস তানুরা ও রাবিগ শোধনাগারে হামলা চালিয়েছে।
এর পাশাপাশি বিশ্বজুড়ে তেল পরিবহনের অন্যতম প্রধান ও কৌশলগত রুট হরমুজ প্রণালিতে ঝুঁকি আরো বেড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অনুমোদনহীন একটি নৌপথ দিয়ে যাওয়ার সময় তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোয় হামলার খবর এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি চরমে পৌঁছানোয় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











