বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আউন্স নামল ৪ হাজারের নিচে

৩০ অক্টোবর ২০২৬ - ১১:০৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আউন্স নামল ৪ হাজারের নিচে
ছবি সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) লেনদেনের শুরুতেই মূল্যবান এই ধাতুর প্রতি আউন্সের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

​প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭ ডলার ৩৯ সেন্টে এসে ঠেকে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৭ ডলার ৮০ সেন্টে নেমে যায়।

​রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সুদের হার আরও বাড়ার সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের ওপর এই নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

​এর মধ্য দিয়ে টানা দ্বিতীয় মাসের মতো দরপতনের মুখোমুখি হলো স্বর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যার পেছনে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বাড়ার প্রভাব রয়েছে। এর ফলে আগামী ডিসেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, সুদের হার বাড়ার সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ।

​সাধারণত সুদের হার বৃদ্ধি পেলে স্বর্ণের চাহিদা হ্রাস পায়। কারণ, স্বর্ণ থেকে কোনো ধরনের সুদ বা মুনাফা আসে না। এর পরিবর্তে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সুদভিত্তিক সম্পদগুলো অধিকতর আকর্ষণীয় হয়ে ওঠে।

​শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও এর প্রভাব পড়েছে এবং দাম কমেছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৫১ ডলার ২৭ সেন্টে দাঁড়ায়। এছাড়া প্লাটিনামের দাম কমে ১ হাজার ৪৫৮ ডলার ৮৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম কমে ৯৮৬ ডলার ৮ সেন্টে নেমে আসে। আন্তর্জাতিক অঙ্গনে ভূরাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির সরাসরি প্রভাব এসব মূল্যবান ধাতুর ওপর পড়ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0