জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চার দিনের সরকারি সফর সম্পন্ন করে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক মেলবন্ধন সুদৃঢ় করা এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে পরিচালিত এ সফর শেষে শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে (রাত ২টা ৪৮ মিনিট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রেস সচিব সালেহ শিবলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করেন তারেক রহমান। সফরকালে জাপানের শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্বের সঙ্গে নিবিড় আলোচনা করেন তিনি। পাশাপাশি ঘুরে দেখেন বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা।
গত ২৭ অক্টোবর দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, মহাকাশ গবেষণা, প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। এ সময় বাংলাদেশের জ্বালানি, লজিস্টিকস ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগ প্রস্তাব নিয়ে কথা বলেন দুই নেতা।
এ সফরে দুই দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণ চুক্তির প্রতিশ্রুতি পাওয়া যায়। এছাড়াও উপকূলীয় সুরক্ষায় টহল জাহাজ ক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশকে ১৩.৪৪ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান। সরকারি সমঝোতার পাশাপাশি ‘জেট্রো’র মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে আরও ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে।
টোকিওতে অনুষ্ঠিত 'বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগে' দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের অটোমোবাইল, জ্বালানি, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান। সফরকালে তিনি টয়োটা কারখানা, জেরা এলএনজি টার্মিনাল ও নিতসু লজিস্টিকস হাব পরিদর্শন করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











