হরমুজ প্রণালিতে মাইনে ৪ তেল ট্যাংকারে আগুন, যুক্ত রাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি

৩০ অক্টোবর ২০২৬ - ১১:০৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হরমুজ প্রণালিতে মাইনে ৪ তেল ট্যাংকারে আগুন, যুক্ত রাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে অন্তত চারটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রণালির প্রধান চলাচলের পথগুলো সম্পূর্ণ মাইনমুক্ত করার দাবি জানানোর একদিন পরই এই অগ্নিকাণ্ডের খবর সামনে এলো।

​ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী ট্যাংকার অনুমোদনহীন দক্ষিণের রুট দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা চালিয়েছিল। এ সময় মাইন বিস্ফোরণে ট্যাংকারগুলোতে আগুন ধরে যায়। আইআরজিসির দাবি, জাহাজগুলো নৌবাহিনীর দেওয়া সতর্কতা উপেক্ষা করার পাশাপাশি নিজেদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল। তবে তাৎক্ষণিকভাবে ট্যাংকারগুলোর মালিকানা ও পতাকাবাহী দেশের পরিচয় কিংবা বিস্তারিত সময়সূচি জানা যায়নি।

​পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, প্রণালির পূর্ব অংশে নিষিদ্ধ ও বিপজ্জনক এলাকায় চলাচলরত আরও একটি অবৈধ জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়ে অচল হয়ে পড়ে এবং অগ্নিদগ্ধ হয়।

​অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছে, প্রধান নৌপথগুলো থেকে তারা সমস্ত মাইন দূর করেছে। মার্কিন এ দাবির জবাবে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি সামাজিক মাধ্যম এক্সে উল্লেখ করেন, কেবল মৌখিক বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে হরমুজ প্রণালি মাইনমুক্ত হওয়ার স্বাধীন ও যাচাইযোগ্য প্রমাণ হাজির করতে হবে।

​উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের মোট ব্যবহৃত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের মাধ্যম এই প্রণালিতে চলাচল কঠোরভাবে সীমিত করেছে ইরান। এর জবাবে মার্কিন বাহিনী প্রণালি পারাপারে জাহাজগুলোকে সহায়তা দেওয়ার পাশপাশি ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রেখেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0