জাতীয় নির্বাচনের মতোই উপনির্বাচনে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

২৯ অক্টোবর ২০২৬ - ১৫:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতীয় নির্বাচনের মতোই উপনির্বাচনে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কোনোভাবেই ছোট করে দেখা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট করেছেন, জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণে সমান গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেলের পর্যবেক্ষণ কার্যক্রমে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

​সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমরা সব কার্যক্রমে স্বচ্ছতায় বিশ্বাস করি। পুরো নির্বাচনী প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে সিসি ক্যামেরা ও প্রযুক্তিগতভাবে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এই উপনির্বাচনকে মোটেও হালকাভাবে নেওয়া হচ্ছে না, বরং জাতীয় সংসদ নির্বাচনের মতো সমপর্যায়ের গুরুত্ব দিয়েই এটি পরিচালনা করা হচ্ছে।’

​নির্বাচন ঘিরে উত্থাপিত বিভিন্ন দাবির কথা উল্লেখ করে তিনি জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলো ইসি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে সমাধান করেছে। নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ, স্থানীয় প্রশাসন, বিজিবিসহ প্রয়োজনীয় সব বাহিনী ও সংস্থা মোতায়েন করা হয়েছে।

​ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের পরিকল্পনার কথা জানিয়ে সিইসি বলেন, ‘সংঘাত ও সহিংসতার পুরোনো সংস্কৃতি পেছনে ফেলে একটি উৎসবমুখর নির্বাচনের ধারা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যা যা করণীয়, সব করা হচ্ছে।’ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনাকে ইসি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

​উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা কোনো বিরতি ছাড়া টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। এই আসনের উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0