বাংলাদেশকে চাপে রেখে ওয়েস্ট ইন্ডিজের শক্ত প্রতিরোধ, ক্যাম্পবেলের ফিফটি
প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক বাংলাদেশকে ২৭২ রানে অলআউট করার পর, দ্বিতীয় সেশনে সফরকারীরা দারুণভাবে খেলায় ফিরেছে। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের কিছুটা আগেই চায়ের বিরতির ঘোষণা দেওয়া হয়। এই সেশনে এক উইকেটের বিনিময়ে ৮৯ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা।
বিরতির আগে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২৭ ওভার ব্যাট করেছে। দলের পক্ষে ওপেনার জন ক্যাম্পবেল চমৎকার ব্যাটিং করে ফিফটি তুলে নিয়েছেন এবং ৫৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন। তার সঙ্গী ত্যাজনারায়ণ চন্দরপল অপরাজিত আছেন ২১ রান করে। লাঞ্চের পর ইনিংসের পঞ্চম ওভারে পেসার হাসান মাহমুদ ওপেনার ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে বাংলাদেশের পক্ষে একমাত্র সাফল্য এনে দেন।
দিনের শুরুতে মেঘলা আবহাওয়া ও আলোর স্বল্পতার কারণে আম্পায়াররা কিছুটা আগেই চা-বিরতিতে যান। প্রথম ইনিংসের ব্যবধান অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ এখনও ১৮৩ রানে পিছিয়ে রয়েছে। তবে ইনিংসে ব্যাট করার সময় দুই দফায় জীবন পেয়ে ভাগ্যের সহায়তাও পেয়েছেন ক্যারিবীয় ওপেনার ক্যাম্পবেল।
এর আগে ম্যাচের প্রথম সেশনে মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। সাদমান ইসলামের শতক (১০৫) এবং তাওহীদ হৃদয়ের ৪২ রানের পর ব্যাটিং অর্ডারে বড় ধস নামে। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ষষ্ঠ উইকেটে ৩২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালালেও মিরাজ ১৫ রান করে আউট হলে আবারও বিপাকে পড়ে দল।
স্পিনার জোমেল ওয়ারিকানের বলে মিরাজ বোল্ড হওয়ার পর টাইগারদের ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। লোয়ার অর্ডারে নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম মিলে যোগ করতে পেরেছেন মাত্র ১২ রান। তবে অপর প্রান্তে লড়াই চালিয়ে যাওয়া লিটন দাস ৮৮ বল মোকাবিলা করে ৩৪ রানে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণে জোমেল ওয়ারিকান একাই শিকার করেছেন পাঁচ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব। এছাড়া জশুয়া বিশপ ও শামার জোসেফ দুটি করে উইকেট লাভ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











