ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

২৯ অক্টোবর ২০২৬ - ১৪:২৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের
ছবি সংগৃহীত

ঢাকা ওয়াসার উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল করা এবং সেবার মান বৃদ্ধিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, আইনের প্রয়োজনীয় সংশোধন এনে সারা দেশ থেকে ওয়াসার বোর্ড বাতিল করা হবে, কারণ এ কাঠামোর দরুন নানা উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। রাজধানীতে পানির চাহিদা ক্রমেই বাড়ছে উল্লেখ করে তিনি ভূগর্ভস্থ পানি উত্তোলন বৃদ্ধি, ওয়াসা সম্প্রসারিত ১৬টি ইউনিয়নের চলমান প্রকল্পের গতি ত্বরান্বিত করা এবং দ্রুততম সময়ে পূর্বাচল এলাকায় সমন্বিত পানির নেটওয়ার্ক গড়ে তোলার নির্দেশনা দেন।

​রাষ্ট্রীয় সহায়তার ওপর নির্ভরশীল না হয়ে জনগণের পরিশোধিত বিলের অর্থ দিয়ে সেবার উৎকর্ষ সাধনের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “নিয়মিত পানি বিল দেওয়ার পর নগরবাসীর সুপেয় পানি পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। তা যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে।”

​ওয়াসার সার্বিক কার্যক্রম তদারকিতে আগামী দুই মাস পর পুনরায় প্রতিষ্ঠানটি পরিদর্শনের ঘোষণা দিয়ে মীর শাহে আলম সতর্ক করেন, এ সময়ের মধ্যে কোনো প্রকল্প পরিচালকের দায়িত্বে অবহেলা বা ব্যর্থতা পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। একইসঙ্গে ওয়াসার দীর্ঘমেয়াদি জনবল চাহিদা এবং কাজের আওতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব জমা দিলে তা বিবেচনার আশ্বাস দেন তিনি।

​কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “দলবাজি পরিহার করে জনগণের সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।” প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পের ঝুঁকি হ্রাস করতে মাটির নিচের পানির ব্যবহার কমিয়ে আনার ওপর জোর দেন তিনি। লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে তিনি জানান, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা ২০ শতাংশে নামিয়ে এনে সারফেস ওয়াটার বা ভূ-উপরিস্থ পানির ব্যবহার ক্রমান্বয়ে বাড়ানো হবে।

​এ ছাড়া ঢাকা ওয়াসার অবৈধ বা চোরাই সংযোগগুলোর তালিকা তৈরির নির্দেশ দেন মীর শাহে আলম। এসব অবৈধ কর্মকাণ্ডে স্থানীয় প্রভাবশালী, সন্ত্রাসী কিংবা রাজনৈতিক কর্মীরা জড়িত থাকলে তাদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​একই সঙ্গে ঢাকাবাসীকে অপচয় রোধ করে পানি ব্যবহারে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান প্রতিমন্ত্রী। এতে নগরবাসীর পানির বিল সাশ্রয় হওয়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ কমবে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0