লিবিয়ার মিসরাতা থেকে দেশে ফিরলেন ১৭২ অনিয়মিত বাংলাদেশি নাগরিক
লিবিয়ায় আটকে থাকা ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের যৌথ উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরের দিকে একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রত্যাবাসিত এসব নাগরিককে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফিরে আসা এসব বাংলাদেশির বেশিরভাগই মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সমুদ্রপথে অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর তাদের অনেকে বিভিন্ন সময় অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধ যাত্রা থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সবার সঙ্গে শেয়ার করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে দেশে ফেরার পর আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত নাগরিককে পথখরচ, খাদ্যসামগ্রী, জরুরি প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন সাপেক্ষে সাময়িক আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম একযোগে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











