শেরেবাংলা নগরে স্থগিত জাতীয় যুব মেলা, জেলা পর্যায়ে চলবে কার্যক্রম
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত সাত দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ স্থগিত করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে কেন্দ্রীয় পর্যায়ে এই মেলা স্থগিত হলেও সারা দেশের সব জেলা ও উপজেলায় যুব মেলা যথারীতি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
তিনি আরও বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানেই মেলাটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ওই এলাকায় সব ধরনের মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ কারণে জাতীয় পর্যায়ের এই মেলাটি আপাতত স্থগিত করা হয়েছে। এছাড়া বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধনসহ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পূর্বনির্ধারিত অন্যান্য আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করা হবে।
মেলা স্থগিতের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, বৃহস্পতিবার সকালে গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির প্রেক্ষিতেই নির্ধারিত স্থানে সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে, যদিও চিঠিতে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











