২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের দামি গাড়ি জিতল ৬ বছরের শিশু
মাত্র ২৬০ টাকার লটারির টিকিট কিনে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের টয়োটা ফরচুনার বিলাসবহুল গাড়ি জিতে নিয়েছে ভারতের মধ্যপ্রদেশের ছয় বছর বয়সি এক শিশু। অভাবনীয় এই জয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, লটারি বিজয়ী ওই শিশুর নাম মেদাংশ রাইকওয়ার। সে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার শীলামপুরার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে আভাপুরির শ্রী সরকার ধামে আয়োজিত একটি গারবা অনুষ্ঠানে যান মেদাংশের দাদি কিরণ রাইকওয়ার। সেখানে তিনি মাত্র ২৬০ টাকা দিয়ে লটারির একটি কুপন সংগ্রহ করেন এবং কুপনে নাতি মেদাংশের নাম লিখে দেন।
পরবর্তীতে ২০২৬ সালে আয়োজিত অনুষ্ঠানে লটারির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলে মেদাংশ প্রথম পুরস্কার অর্জন করে। বিজয়ী হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়।
নিজেদের একটি নিজস্ব গাড়ি কেনার দীর্ঘদিনের স্বপ্ন ছিল পরিবারটির। হঠাৎ পাওয়া এই উপহারকে স্মরণীয় করে রাখতে গাড়িটি প্রাঙ্গণে আনার পর পরিবারের সদস্যরা পূজা ও প্রার্থনা করেন। স্থানীয় বাসিন্দারা ঢাকঢোল বাজিয়ে আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে শিশুটিকে অভিনন্দন জানান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর অনেকেই শিশুটি ও তার পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











