ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা পাঠানো পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি: ফ্রিডরিখ মের্ৎস

২৯ অক্টোবর ২০২৬ - ২৩:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা পাঠানো পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি: ফ্রিডরিখ মের্ৎস
ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়া সৈন্য পাঠানোর ঘটনাকে পুরো ইউরোপের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

​জার্মান চ্যান্সেলর জোর দিয়ে বলেন, কোরীয় উপদ্বীপের সার্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সঙ্গে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা সরাসরি যুক্ত। একই সঙ্গে ইউরোপের বিদ্যমান পরিস্থিতিও কোরীয় উপদ্বীপের ওপর প্রভাব ফেলে।

​দনবাস অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে ফ্রিডরিখ মের্ৎস বলেন, উত্তর কোরিয়ার সেনারা যখন ইউক্রেনের দনবাস অঞ্চলে সরাসরি যুদ্ধ কার্যক্রমে অংশ নিচ্ছে, তখন তারা মূলত পুরো ইউরোপ মহাদেশের স্বাধীনতার ভিত্তিকেই চ্যালেঞ্জের মুখে ফেলছে।

​তিনি আরও উল্লেখ করেন, সৈন্য পাঠানোর বিনিময়ে মস্কো থেকে পিয়ংইয়ংকে যে আধুনিক সামরিক অস্ত্র ও সহায়তা দেওয়া হচ্ছে, তা বৈশ্বিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলছে।

​জার্মানি ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের একটি ন্যায়সংগত ও টেকসই কূটনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জানিয়ে চ্যান্সেলর বলেন, এ সংকটে সিউলের ইতিবাচক সমর্থনের জন্য জার্মানি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি সতর্ক করেন যে, এ যুদ্ধের চূড়ান্ত ফলাফলের ওপরই ভবিষ্যৎ ইউরোপ ও এশিয়ার যৌথ নিরাপত্তা কাঠামো নির্ভর করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0