ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জামায়াতের দেলাওয়ারকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি মোট ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬,৪৫৩ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বেসরকারিভাবে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে ভোট গণনা শুরু হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আজকের নির্বাচনে মোট ৬৪ দশমিক ৭৭ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উল্লেখ্য, এই উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়াও এতে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী (বটগাছ প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম (হাতপাখা প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতীক)।
উপনির্বাচনে অংশ নিয়ে হাতপাখা প্রতীকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৪৯ ভোট।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











