ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নেবে না: জেডি ভ্যান্স
ইরানের সঙ্গে চলমান সংঘাতকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হতে দেবেন না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা নিয়ে উঠতে থাকা বিভিন্ন সমালোচনার জবাবে প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজের আয়োজনে অনুষ্ঠিত এক টাউন হলে রিপাবলিকান এক ভোটারের প্রশ্নের মুখোমুখি হন ভ্যান্স। ওই ভোটার ট্রাম্প প্রশাসনের কাছে জানতে চান, বিদেশি ব্যয়বহুল যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, তা রক্ষা করা হচ্ছে কি না।
প্রশ্নের জবাবে ভ্যান্স অতীতে ইরাকে নিজের সামরিক সেবার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের বিদেশি বিভিন্ন অভিযান নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ও অসন্তোষ তিনি স্পষ্ট বুঝতে পারেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, গত চার দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিষয়টি মোকাবিলা করে আসছে এবং গত সাত মাস ধরে এই জড়িত থাকার মাত্রা অন্য পর্যায়ে পৌঁছেছে। তবে তিনি জোর দিয়ে আশ্বাস দেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরান সংঘাত কোনো চিরস্থায়ী যুদ্ধের রূপ নেবে না।
দীর্ঘমেয়াদি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করার অর্থ মার্কিন সামরিক শক্তির ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া নয় বলে মন্তব্য করেন ভ্যান্স। তিনি জানান, প্রশাসন যুক্তরাষ্ট্রের নির্ধারিত লক্ষ্যগুলো সফলভাবে অর্জন করার পর তাদের অন্যান্য নীতিগত অগ্রাধিকারের দিকে মনোযোগ দেবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











