জাপান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের ব্রাজিল দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
আসন্ন জাপান ও সিঙ্গাপুর প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেইরোতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দফতরে দল ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। দল পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারদের ওপর আস্থা রেখেছেন তিনি।
জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন পাঁচ নতুন ফুটবলার। তারা হলেন—ক্রুজেইরোর ডিফেন্ডার জোনাথান জেসুস, করিন্থিয়ান্সের মিডফিল্ডার আন্দ্রে লুইস, ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের খেলোয়াড় অ্যালান এবং শাখতার দোনেৎস্কের দুই ফুটবলার মার্লন গোমেস ও অ্যালিসন সানতানা। এছাড়া ব্রাজিলের ঘরোয়া লিগ থেকে মোট ছয়জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে।
নতুনদের সম্পর্কে কোচ কার্লো আনচেলত্তি সংবাদ সম্মেলনে জানান, প্রত্যেক খেলোয়াড়ের মাঝেই বিশেষ গুণ রয়েছে। জোনাথান জেসুস বেশ শক্তিশালী, গতিশীল ও বুদ্ধিমান ডিফেন্ডার। অন্যদিকে মার্লন গোমেস অত্যন্ত গতিময়। তরুণদের কাছ থেকে জানার ও শেখার এটিই উপযুক্ত সময় বলে উল্লেখ করেন তিনি।
আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল সোয়া ৪টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর সকাল ৭টায় স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে দলটি। তবে লিগ শিরোপার লড়াইয়ে থাকা ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাস ক্লাব থেকে কোনো ফুটবলারকে স্কোয়াডে রাখা হয়নি।
এ বিষয়ে সিবিএফের ডিরেক্টর অব ন্যাশনাল টিমস রদ্রিগো কায়েতানো জানান, জাতীয় দলের স্বার্থ এবং ক্লাবগুলোর লিগ শিরোপার লড়াইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য দেশীয় ক্লাব থেকেও সর্বোচ্চ একজন করে খেলোয়াড় দলভুক্ত করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











