ফিলিস্তিনি শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা সংগ্রহ করলেন হামজা চৌধুরী

৩০ অক্টোবর ২০২৬ - ১৩:০৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফিলিস্তিনি শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা সংগ্রহ করলেন হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত

মাঠের লড়াইয়ের বাইরে মানবিক কাজের জন্যও মানুষের মন জয় করে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের সহায়তার জন্য তিনি ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার সমান।

​নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিনম্র পোস্টে এই অর্জনের কথা নিজেই প্রকাশ করেছেন হামজা। শুরুতেই শুকরিয়া আদায় করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, গাজার শিশুদের জন্য আমরা এক লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’

​এত বড় অংকের তহবিল সংগ্রহের পেছনে ছিল একটি বিশেষ আয়োজন। এতে অতিথিরা উপস্থিতি, অর্থ সহায়তা এবং নিজেদের সময় দিয়ে পাশে থেকেছেন। সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নুজুম স্পোর্টসের ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন এই ফুটবলার। দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে এই মহৎ উদ্যোগকে বাস্তবে রূপ দেওয়ায় তিনি সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​সংগৃহীত এই অর্থ কোথায় ব্যয় করা হবে, সে বিষয়েও পরিষ্কার বার্তা দিয়েছেন হামজা। ‘চিলড্রেন নট নাম্বারস’ নামক সংস্থার মাধ্যমে গাজার মাঠপর্যায়ে শিশুদের সাহায্য পৌঁছানো হবে। যুদ্ধাহত ও সংকটে থাকা শিশুদের চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নিতে (মেডিকেল ইভাকুয়েশন) এই তহবিলের প্রতিটি পাউন্ড খরচ করা হবে বলে জানান তিনি।

​সাফল্যের পরও নিজের বিনয় বজায় রেখে হামজা লিখেছেন, অল্প সময়ে যা অর্জিত হয়েছে তার জন্য তিনি কৃতজ্ঞ, তবে বিশাল এই মানবিক সংকটের সামনে এটি অত্যন্ত সামান্য অবদান এবং আরও অনেক কিছু করার বাকি রয়েছে। প্রতিটি ছোট প্রচেষ্টাও পরিবর্তন আনতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। লেখাটির শেষে ফিলিস্তিনের জনগণের জন্য শান্তি, শক্তি এবং ধৈর্য কামনা করে বিশেষ প্রার্থনা করেন এই তারকা ফুটবলার।

​এদিকে খেলাপাড়ায় তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ঢাকা। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিতে খেলার কথা রয়েছে তার। ক্লাব ব্যস্ততার কারণে ভুটানের বিপক্ষে ম্যাচটিতে তার খেলা না হলেও, মাঠের বাইরে মানবিক এই উদ্যোগের মাধ্যমে তিনি আগেই ভক্তদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0