নাঈমের ঘূর্ণি জাদুতে থামলো ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ইনিংসে ১ ইউকেটে ৩৯ রানের লিড বাংলাদেশের

৩০ অক্টোবর ২০২৬ - ১৩:৩৪
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নাঈমের ঘূর্ণি জাদুতে থামলো ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ইনিংসে ১ ইউকেটে ৩৯ রানের লিড বাংলাদেশের
ছবি: সংগৃহীত

ম্যাচের তৃতীয় দিনের সকালে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। স্বাগতিক দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টিকতে না পেরে ২৪৫ রানেই থামছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। আর তাতেই প্রথম ইনিংস শেষে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড অর্জন করেছে বাংলাদেশ। দলের পক্ষে বোলিংয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অফ স্পিনার নাঈম হাসান, যিনি মাত্র ৩৩ রান খরচ করে শিকার করেছেন ৪টি উইকেট।

​এর আগে দিনের শুরুটা ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে করেছিল ক্যারিবীয়রা। দিনের প্রথম অংশে বাংলাদেশ দলকে উইকেটের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আগের দিন ৪৩ রান নিয়ে খেলা শুরু করা তাগনারাইন চন্দরপল ও ২২ রান নিয়ে নামা জাস্টিন গ্রিভসের জুটি ভাঙার সুযোগ আসছিল না সহজে। তবে দলের পক্ষে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তাঁর বলে স্লিপে ক্যাচ দিয়ে ৫৬ রান করে সাজঘরে ফেরেন চন্দরপল, ভেঙে যায় জমে ওঠা জুটি।

​চন্দরপলের বিদায়ের পর জাস্টিন গ্রিভসের সঙ্গে জুটি বেঁধে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন রোস্টন চেজ। নাঈমের বলে চেজ শর্ট লেগে ক্যাচ তুলে দিলেও মুমিনুল হক সুযোগ হাতছাড় করায় জীবন পান তিনি। তবে মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে গ্রিভসকে এলবিডব্লিউ করে সেই জুটি ভেঙে স্বস্তি ফেরান নাঈম হাসান। ১০৩ বলে ৪৬ রান করে গ্রিভস আউট হওয়ার সময় ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে।

​বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নেন টাইগার বোলাররা। মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিং হয়ে ১৫ রান করে ফিরে যান বিশাল। এরপর নাঈমের স্পিন তোপে দ্রুত গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের বাকি অংশ। শামার জোসেফকে লিটন দাসের ক্যাচে পরিণত করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাঈম।

​পরবর্তীতে জোমেল ওয়ারিকানকে এলবিডব্লিউ করে ইনিংসে নিজের চতুর্থ শিকার পূর্ণ করেন এই স্পিনার। আর ইনিংসের শেষ ব্যাটসম্যান জেইডেন সিলসকে মিরাজের ক্যাচে ফিরিয়ে ক্যারিবীয়দের ইনিংসের সমাপ্তি টানেন নাঈম। ম্যাচের আগের দিনের তুলনায় তৃতীয় দিনে দুর্দান্ত বোলিং করে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ তানজিদ তামিমকে হারিয়ে ৩৯ রানের লিড নিয়ে এগিয়ে যাচ্ছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0