ক্যানসাস সফর নিয়ে প্রশ্ন করায় রয়টার্স সাংবাদিকের ওপর চড়াও হলেন ট্রাম্প

৩০ অক্টোবর ২০২৬ - ১৬:৩৩
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ক্যানসাস সফর নিয়ে প্রশ্ন করায় রয়টার্স সাংবাদিকের ওপর চড়াও হলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যানসাসে নির্ধারিত একটি রাজনৈতিক সমাবেশ বাতিলের কারণ নিয়ে প্রশ্ন করায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় ওই সাংবাদিকের মুখোমুখি হন তিনি এবং প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। একপর্যায়ে ট্রাম্প ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়েও কটূক্তি করেন।

​ঘটনার সূত্রপাত হয় যখন রয়টার্সের সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান যে, অতিরিক্ত ভ্রমণক্লান্তির কারণে তিনি সপ্তাহান্তে ক্যানসাসের নির্ধারিত সফর বাতিল করেছেন কি না। তবে প্রশ্নটি সঠিকভাবে না বুঝে ট্রাম্প মনে করেন যে সাংবাদিক তার শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন।

​সাংবাদিক প্রশ্ন করেন, “আপনি ক্যানসাসে যাচ্ছেন না। ভ্রমণে ক্লান্ত হয়ে পড়েছেন, এর সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে?” জবাবে মেজাজ হারিয়ে ট্রাম্প বলেন, “এই প্রশ্ন করতে গিয়ে আপনিই ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি অসুস্থ। আপনি কোন সংবাদমাধ্যমের?”

​সাংবাদিক রয়টার্সের প্রতিনিধি পরিচয় দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট তাকে আক্রমণ করে বলেন, “আপনি অত্যন্ত বাজে এক লোক। রয়টার্স জিনিসটাই জঘন্য।”

​উত্তরে সাংবাদিক বলেন, “আমরা শুধু নিশ্চিত হতে চাই যে আপনি ভালো আছেন।”

​তবে এরপরও ট্রাম্প তার সমালোচনা অব্যাহত রাখেন। ক্যানসাস সফর না করার ব্যাখ্যা দেওয়ার সময় তিনি ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে বিরূপ মন্তব্য করেন।

​উপস্থিত লোকজনের উদ্দেশে ট্রাম্প বলেন, “এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কী বাজে অবস্থায় আছে! আমার কাছে এসে বলছে, ‘স্যার, আপনি ক্যানসাসে কেন যাচ্ছেন না?’”

​পরে নিজের ব্যস্ত সফরসূচি তুলে ধরে ক্যানসাসের অনুষ্ঠান বাদ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, শুক্রবার তার ফ্লোরিডায় যাওয়ার কথা রয়েছে এবং সামনে অন্য কোনো কর্মসূচি থাকলে তাও তিনি পরিচালনা করবেন।

​সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, “আপনারা আমাকে দুই সপ্তাহ ধরে অনুসরণ করছেন। আমি পুরোপুরি সুস্থ বোধ করছি।” ক্যানসাসে যাওয়ার কোনো প্রয়োজন অনুভব করছেন না বলেই তিনি সেখানে যাননি বলে জানান।

​কথোপকথনের শেষ পর্যায়ে আবারও ওই সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ট্রাম্প বলেন, “আপনি একজন জঘন্য মানুষ। নিজেকে ঠিকঠাক বা শেপে আনুন। আপনাকে দেখতে খুবই বিশ্রী লাগছে!”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0