বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের রেকর্ড ক্রিপ্টো চুরি, সন্দেহ উত্তর কোরিয়াকে
বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার চুরির ঘটনা ঘটেছে। প্ল্যাটফর্মটি থেকে প্রায় ৬৩০ কোটি ডলার সমপরিমাণ ডিজিটাল মুদ্রা বেহাল হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই আকস্মিক ও নজিরবিহীন ঘটনার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠীর হাত রয়েছে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছে ব্লকচেইন গোয়েন্দা সংস্থাগুলো।
বৃহস্পতিবারে ঘটে যাওয়া এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সব ধরনের অর্থ জমা ও উত্তোলন স্থগিত রাখা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কোম্পানির একজন প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার মাধ্যমে অননুমোদিত লেনদেনগুলো সম্পন্ন করা হয়েছিল। তবে ব্যবহারকারীদের তহবিল সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এই ঘটনায় কোনো ক্ষতি হলে তা প্ল্যাটফর্ম নিজেই বহন করবে বলে আশ্বস্ত করা হয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাইন্যান্স জানিয়েছে, উদ্ভূত সমস্যার পূর্ণাঙ্গ ও নিরাপদ সমাধানে তাদের বিশেষজ্ঞ দল দিনরাত কাজ করে যাচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও নিবিড়ভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। তদন্ত শেষ হওয়ার পর কারিগরি ত্রুটি বা ঘটনার আদ্যোপান্ত নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।
এদিকে ব্লকচেইন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান টিআরএম জানিয়েছে, এই বিশাল সাইবার হামলায় উত্তর কোরিয়ার কুখ্যাত হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ জড়িত থাকতে পারে। প্রতিষ্ঠানটির বৈশ্বিক নীতিবিষয়ক প্রধান আরি রেডবোর্ড এই ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করে জানান, এ ধরনের বিপুল পরিমাণ অর্থ চুরির পর পিয়ংইয়ং তা অস্ত্র বিস্তারসহ নানা অস্থিতিশীল কার্যক্রমে ব্যবহার করে থাকে। ফলে এটি কেবল ক্রিপ্টো চুরির অপরাধ নয়, বরং সরাসরি বৈশ্বিক নিরাপত্তার সঙ্গে জড়িত।
এই বড় ধরনের সাইবার হামলার নেতিবাচক প্রভাব পড়েছে পুরো ক্রিপ্টো বাজারে। বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ কমে ৭৭ হাজার মার্কিন ডলারের নিচে নেমে গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











