তাহসিফ সৌরি মরদেহ উদ্ধার:: পিবিআইর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন বন্ধু দীপ
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার জুনিয়র বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নৌ পুলিশের পাশাপাশি মামলাটির ছায়াতদন্ত করছে পুলিশের এই বিশেষায়িত সংস্থাটি। তবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার আগের দিন তাহসিফের সঙ্গে দীর্ঘ সময় কাটান দীপ। জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের সামনে ঘটনার দিন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য তুলে ধরেন তিনি। শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইয়ের পক্ষ থেকে শাহরিয়ার দীপকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে তাকে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে নেওয়া হয়।
রাতভর দীপকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পিবিআই। এ বিষয়ে সংস্থাটির এক পুলিশ সুপার জানান, দীপ দাবি করেছেন—তারা ঘটনাস্থলে কথা বলছিলেন, এমন সময় কিছু লোক তাদের ধাওয়া করে। তখন তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি নিজে পালিয়ে আসেন। তবে তার এই দাবি ও অন্যান্য বক্তব্যের সত্যতা যাচাই-বাছাই করে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামাল জানান, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু নতুন তথ্য পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে দীপ দাবি করেছিলেন, তাহসিফ ও তিনি একসঙ্গে গ্যারেজে যান এবং রাতের খাবার শেষে উত্তরায় আলাদা হয়ে যান। পরবর্তীতে বাসায় ফিরে ফোন বন্ধ পান। এই অসঙ্গতি এবং কেন তিনি শুরুতে এমন তথ্য দিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।
গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নদী পুলিশ। মরদেহের পাশে থাকা আইফোন ও ঘড়ি দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।
নিহত তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, গত ২৭ অক্টোবর কেনাকাটা শেষে সন্ধ্যায় বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের কাছে ‘আম্মু আমি আসছি’ লিখে বার্তা পাঠানোর পর তার ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের দাবি, তাহসিফ আগে কখনো রাজাবাড়ী ঘাট এলাকায় যাননি।
এদিকে বাবর রোডের দীপের বাসায় গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীরা জানান, দীপ একজন শিক্ষার্থী এবং তাহসিফের সঙ্গে তার বন্ধুত্বের গভীরতা সম্পর্কে তাদের সুনির্দিষ্ট কোনো ধারণা নেই। তবে ঘটনার দিন রাত আড়াইটার দিকে তিনি বাসায় ফিরেছিলেন বলে জানান তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











