ফ্রান্সের ৩ ব্লাড ব্যাংকের ফ্রিজে সাইবার হামলা, রক্তের সরবরাহ অক্ষুণ্ণ
ফ্রান্সের তিনটি আঞ্চলিক ব্লাড ব্যাংকের রেফ্রিজারেটর ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এর ফলে রক্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত শীতলীকরণ কক্ষের তাপমাত্রা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণব্যবস্থা আক্রান্ত হয়। তবে এই অনভিপ্রেত ঘটনার পরও দেশটির রক্তের সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেছে ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রোববার ও সোমবারের মধ্যবর্তী রাতে এই সাইবার হামলার ঘটনা ঘটে। একই সময়ে সুইডেন থেকে বেলজিয়াম পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজেও হ্যাকাররা হানা দেয়।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, দেশটির ব্লাড ব্যাংক পরিচালনাকারী সংস্থা ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্টের (ইএফএস) কয়েকটি আঞ্চলিক স্থাপনা সাইবার নিরাপত্তা ঘটনার শিকার হয়েছে। এতে কিছু শীতলীকরণ কক্ষের পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
ইএফএসের মুখপাত্র চার্লি দুবোয়া জানান, সাইবার হামলার পরেও রক্তের সরবরাহে কোনো প্রভাব পড়েনি। সার্বক্ষণিক নিয়োজিত কর্মীরা বিভিন্ন সতর্কবার্তার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সমস্যার বিষয়টি জানতে পারেন। এরপর আক্রান্ত ফ্রিজে থাকা রক্ত দ্রুত অন্য নিরাপদ ফ্রিজে সরিয়ে নেওয়া হয়।
ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আক্রান্ত ফ্রিজগুলোতে দূরবর্তী প্রবেশের সুযোগ বা রিমোট অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। কীভাবে এই হামলা চালানো হয়েছে, কোন কোন সরঞ্জাম আক্রান্ত হয়েছে এবং কখন নিরাপদে ব্যবস্থাগুলো পুনরায় চালু করা যাবে—তা খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চলছে।
এর আগে একই সময়ে ইউরোপের আটটি দেশের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে হস্তক্ষেপ করে হ্যাকাররা, যার ফলে বিপুল পরিমাণ খাবার নষ্ট করতে বাধ্য হন ব্যবসায়ীরা। এমনকি গত মাসেও ফ্রান্সের শত শত সুপারমার্কেটের শীতলীকরণ ইউনিটের নিয়ন্ত্রণ নিয়ে আগুন লাগানো ও খাদ্যপণ্য নষ্ট করার ঘটনা ঘটেছিল। ইউরোপে ধারাবাহিক এসব সাইবার হামলায় ইন্টারনেট-সংযুক্ত অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাশিয়ার ২০২২ সালের ইউক্রেন আক্রমণের পর ইউরোপে নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরনের দুর্বলতা ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











