সালমান শাহ হত্যা মামলা: ১১ বারের মতো পেছাল সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল

০৫ নভেম্বর ২০২৬ - ১৬:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সালমান শাহ হত্যা মামলা: ১১ বারের মতো পেছাল সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল
ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় ১১ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আগামী ৮ ডিসেম্বর প্রতিবেদন জমাদানের নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে সিআইডি পুলিশের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক ওয়াজেদ আলী খান।

​উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন—লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

​মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর মা-বাবা এবং ছোট ভাই সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে নিউ ইস্কাটনে তার বাসায় সাক্ষাৎ করতে যান। তবে সে সময় তার স্ত্রী সামিরা ও গৃহকর্মী জানান যে সালমান ঘুমাচ্ছেন। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে প্রোডাকশন ম্যানেজার সেলিমের মাধ্যমে পরিবারের সদস্যরা সালমানের শারীরিক অবস্থার অবনতির কথা জানতে পেরে দ্রুত সেখানে পৌঁছান। পরে তাঁকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির বিচার প্রক্রিয়ায় তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় তারিখ পেছানোর ধারাবাহিকতা বজায় রইল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0