লংমার্চ করে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান সম্ভব নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
লংমার্চ বা ফাঁকা সিলিন্ডার দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আন্দোলন বা লংমার্চ করে যদি গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব হতো, তবে সরকারই সবচেয়ে বড় লংমার্চের আয়োজন করত। জনগণ বর্তমান সরকারকে পাঁচ বছরের জন্য সুযোগ দিয়েছে। তাই বিরোধী দলগুলোকে আন্দোলন বা হুমকি-ধমকির পথে না হেঁটে সংসদে এসে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেধাবীদের মূল্যায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে সবচেয়ে মেধাবী ব্যক্তিরাই গবেষণার কাজে যুক্ত হন। তবে বাংলাদেশে তাঁদের সঠিক মূল্যায়ন দেখা যায় না। অনেক সময় দেখা যায়, শ্রেণিকক্ষে পেছনে বসা শিক্ষার্থীরা পরবর্তীতে মহাপরিচালক (ডিজি) পদে আসীন হন। এ প্রেক্ষাপটে গবেষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
কৃষি খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে দেশের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা জরুরি। বাণিজ্য মেলা ও সঠিক বাজার ব্যবস্থাপনা উৎপাদক ও ক্রেতার মধ্যে প্রত্যক্ষ মেলবন্ধন তৈরি করে। বিগত সরকারের সময় সঠিক জরিপের অভাব থাকায় দেশের মোট জনসংখ্যা, পরিবার ও কৃষকের প্রকৃত তথ্য পাওয়া যায়নি। তবে বর্তমানে কৃষিতে দেশের আমদানিনির্ভরতা অনেক কমেছে। টমেটো, কাঁচামরিচ, চিনি ও সয়াবিন তেল ছাড়া অধিকাংশ পণ্য দেশেই উৎপাদিত হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধিতে পল্লী উন্নয়ন একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে তিনি বলেন, এই খাতে সরকারকে বর্তমানে ২৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।
গ্যাস সংকট দূর করার পদক্ষেপ সম্পর্কে প্রতিমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, গত ২০ বছরে কেন নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি এবং কেন আগে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়নি, তার জবাব প্রয়োজন। বর্তমানে ভোলা থেকে গ্যাস সংযোগের কাজ চলমান রয়েছে এবং নতুন করে ৫২টি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন ব্যবস্থা নিয়ে তিনি স্পষ্ট করেন, রাতের আঁধারে বা পেশিশক্তি ব্যবহার করে ভোট করার কোনো ইচ্ছা সরকারের নেই। এমনকি তারেক রহমানেরও এমন কোনো ভাবনা নেই। সরকার নিজ কাজের মাধ্যমে সফল হয়েই ২০৩১ সালের নির্বাচনে জনগণের মুখোমুখি হবে।
এছাড়া উত্তরাঞ্চলকে দেশের অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি জানান, সাধারণ আটা-ময়দা ও চালের পুষ্টিগুণ বাড়াতে সরকার নীতিমালার উদ্যোগ নিচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











