ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল ম্যাচে নজিরবিহীন কাণ্ড: এক ম্যাচেই ৫৩ লাল কার্ড!

০৫ নভেম্বর ২০২৬ - ১৫:২০
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল ম্যাচে নজিরবিহীন কাণ্ড: এক ম্যাচেই ৫৩ লাল কার্ড!
ছবি সংগৃহীত

ফুটবল মাঠে খেলোয়াড়দের লাল কার্ড দেখার ঘটনা স্বাভাবিক হলেও, একই ম্যাচে ৫৩ জন খেলোয়াড় ও কর্মকর্তাকে বহিষ্কারের ঘটনা সত্যিই অবিশ্বাস্য। ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে অনূর্ধ্ব-২০ বয়সভিত্তিক দলের একটি সেমিফাইনাল ম্যাচে দুই পক্ষের সংঘর্ষের জেরে এই নজিরবিহীন ঘটনা ঘটে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

​স্থানীয় সময় অনুযায়ী রবিবারের ওই সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরল্যান্ডিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে মামোরে দল ৩-১ গোলে এগিয়ে গেলে উত্তেজনা চরমে পৌঁছায়। গোল উদযাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে উদ্দেশ্যপ্রণোদিত অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে মামোরের খেলোয়াড় দাভির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এর ফলে ক্ষিপ্ত হয়ে উবেরল্যান্ডিয়ার গোলরক্ষক কোচ পাওলো সার্জিও দিয়াস দস সান্তোস সরাসরি মাঠে প্রবেশ করেন। মুহূর্তের মধ্যে দুই দলের খেলোয়াড় ও অফিশিয়ালরা তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন।

​ম্যাচ পরিচালনাধীন রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোসঘিক মোদেস্তোর ম্যাচ প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের পর তিনি মাঠে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের একসঙ্গে ৪৮টি লাল কার্ড দেখান। এর আগে ম্যাচের শুরুর দিকে আরও তিন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। এর ফলে বহিষ্কৃত খেলোয়াড় ও অফিশিয়ালের মোট সংখ্যা দাঁড়ায় ৫১ জনে। এর বাইরে উবেরল্যান্ডিয়া পরিচালনা পর্ষদের আরও দুই সদস্যকেও বহিষ্কার করেন রেফারি, যার ফলে মোট বহিষ্কারের সংখ্যা ৫৩টিতে পৌঁছায়।

​জানা গেছে, এক ফুটবল ম্যাচে এত অধিক সংখ্যক লাল কার্ড দেখানোর এই ঘটনা বিশ্ব ফুটবলের ইতিহাসের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দল অ্যাতলেতিকো ক্লায়পোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের মধ্যকার এক ম্যাচে একসঙ্গে ৩৬ জনকে বহিষ্কার করা হয়েছিল, যা এতদিন সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড হিসেবে পরিগণিত হতো।

​রেফারির ম্যাচ রিপোর্টে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তার দাবি, মাঠে তাকে ও অন্য কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেওয়াসহ নানা ধরনের সহিংস আক্রমণাত্মক কথা বলা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন রেফারি।

​মাঠের সহিংস পরিস্থিতি শান্ত করতে আয়োজক ও কর্মকর্তারা দীর্ঘ ৪০ মিনিট চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত খেলা পরিচালনা করা সম্ভব না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে মাঠের ভেতরেই শুধু নয়, ম্যাচ শেষে বাইরেও উত্তেজনা অব্যাহত থাকে। উবেরল্যান্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে মামোরে দলের সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি স্বাগতিক দলের সদস্যদের বিরুদ্ধেও সফরকারীদের ড্রেসিংরুমে ভাঙচুর চালানোর অভিযোগ আনা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0