ফ্যাসিবাদ দমনে জামায়াত ও এনসিপিকে পাশে পাওয়া যাবে না: রাশেদ খাঁন
ফ্যাসিবাদ দমনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কখনোই পাশে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস রাজপথে সতর্ক পাহারা দেওয়া জরুরি। দীর্ঘ সময় আড়ালে থেকে আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিয়েছে এবং সুযোগ পেলেই বিভিন্ন সামাজিক আন্দোলনকে ব্যবহার করে আঘাত হানার চেষ্টা করবে।
আওয়ামী লীগের এই তৎপরতা রুখতে জামায়াত ও এনসিপি রাজপথে নামতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, জামায়াত ও এনসিপি প্রকৃতপক্ষে শহীদ ওসমান হাদীর ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে অনেক দূরে অবস্থান করছে। প্রয়োজনে রাজনৈতিক উদ্দেশ্যে তারা এই নাম ব্যবহার করে বলেও মন্তব্য করেন তিনি।
পোশাক খাতের আন্দোলন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, মজুরি বোর্ড ইতিমধ্যে শ্রমিকদের দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, যেখানে সরকার, মালিক ও শ্রমিক—তিন পক্ষ যৌথ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। এখানে এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। তা সত্ত্বেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উসকানিমূলকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী দুষ্কৃতকারীদের অরাজকতা ও সহিংসতাকে নাহিদ ইসলাম কার্যত সমর্থন জুগিয়েছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দুটি বিরোধী পক্ষের অপতৎপরতা সামলে বিএনপি সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। রাজপথে আওয়ামী লীগের অপতৎপরতা বিএনপিকেই এককভাবে মোকাবিলা করতে হবে। জামায়াত ও এনসিপি ক্ষমতার লোভে পতিত শক্তির সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্র পরিচালনায় বিএনপিকে অসহযোগিতা করে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে নাহিদ ইসলামের আহ্বানে সাড়া না দিয়ে তৈরি পোশাক শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন বলে জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











