পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
পটুয়াখালী সদরে বাস ও অটোরিকশার মারাত্মক সংঘর্ষে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হয় ‘ইমরান ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস। বাসটি ধলু গাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। এতে দুটি যানই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছে যৌথভাবে অভিযান চালান। দুর্ঘটনাস্থল থেকে প্রথমে অটোরিকশার তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও একজনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিহত চারজনের পরিচয় শনাক্ত করেছে। নিহত ব্যক্তিরা হলেন— গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইউম প্যাদা (৫০), চারআনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০), বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩)।
উদ্ধার অভিযানের হালনাগাদ পরিস্থিতি জানিয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে। খাদে পড়ে যাওয়া বাস বা পানির নিচে আর কেউ আটকে আছেন কি না, তা দেখতে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











