বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

২৫ আগস্ট ২০২৬ - ১৫:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া 'এফবি বরকত' নামের মাছ ধরার ট্রলারের নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ট্রলারটির কেবিনের ভেতর থেকে আটকে থাকা অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায় বলে স্বজন ও উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন।

​নিহত জেলেরা হলেন—বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চর লাঠি মারা ও হাড়িটানা গ্রামের নূর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) এবং বেল্লাল (২২)। তাদের মরদেহ সাগরে দুর্ঘটনাকবলিত ট্রলার থেকে নিজ গ্রামে নেওয়ার প্রস্তুতি চলছে।

​ঘটনার বিবরণ দিয়ে উদ্ধার হওয়া ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সোমবার দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের হাইরের চর সংলগ্ন এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। জাল ফেলার মুহূর্তে হঠাৎ তুফান শুরু হলে ক্লান্ত কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ট্রলারে থাকা ১৩ জন জেলের মধ্যে ৮ জন সাগরে ঝাঁপ দিয়ে প্রায় তিন ঘণ্টা ভেসে থাকার পর অন্য একটি ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার পান। তবে কেবিনে আটকে পড়া বাকি পাঁচজনের সেখানেই মৃত্যু হয়।

​ট্রলারমালিক আশরাফ উদ্দিনের ভাই মহিউদ্দিন জানান, দুই দিন আগে ট্রলারটি পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে গিয়েছিল। উদ্ধারকারী দল মুঠোফোনে কেবিনের ভেতর থেকে মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

​বরগুনা জেলা ট্রলার মৎস্যজীবী মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম কোম্পানি জানান, সোমবার বৈরী আবহাওয়ায় বরগুনার তিনটি ট্রলার সাগরে ডুবে যায়। অন্যগুলোর সব জেলে উদ্ধার হলেও 'এফবি বরকত'-এর এই পাঁচজন নিখোঁজ ছিলেন।

​পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল জানান, সাগরে ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত। স্থানীয়দের মুখে মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেলেও কোস্টগার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে এবং স্বজনদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0