রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় বাস-মাহিন্দ্রা-ইজিবাইক দুমড়ে-মুচড়ে নিহত ২, আহত ৫
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হওয়া পাঁচটি বগির ধাক্কায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে একটি যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
গত রোববার (২৬ জুলাই) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন পাটোয়ারী। তারা দুজনই দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রার যাত্রী ছিলেন।
প্রাসঙ্গিক সংবাদ
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে একটি তেলবাহী ট্রেন ছেড়ে আসে। খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের পাঁচটি বগি ইঞ্জিন ও মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ট্রেনের সামনের অংশ ও ইঞ্জিন পার হয়ে যাওয়ায় গেটম্যান রেললাইন ফাঁকা ভেবে ব্যারিয়ার তুলে দেন। ঠিক সে সময়ে একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক ট্রাফিকের স্বাভাবিক নিয়মে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। মুহূর্তেই পেছনের দিক থেকে গড়িয়ে আসা বিচ্ছিন্ন বগিগুলো যানবাহনগুলোতে তীব্র বেগে ধাক্কা দেয়।
ধাক্কায় মাহিন্দ্রা ও ইজিবাইকটি একেবারে দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের একপাশে ছিটকে পড়ে। মাহিন্দ্রাটি বিচ্ছিন্ন বগির সঙ্গে প্রায় এক কিলোমিটার পর্যন্ত গিয়ে থামে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাতজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
রাজবাড়ী রেলওয়ের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, কী কারণে ট্রেন থেকে বগিগুলো বিচ্ছিন্ন হলো তা তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। বগিগুলো সরিয়ে রেললাইন পুরোপুরি সচল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











