রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রাজশাহীতে রেলপথ অবরোধে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

২১ জুলাই ২০২৬ - ১০:৫৪
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: রাজশাহীতে রেলপথ অবরোধে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ
ছবি : সংগৃহীত

রসিদ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটি) বিরুদ্ধে। এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

​মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে এই অবরোধের সূচনা হয়। এর কারণে রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেসসহ কোনো ট্রেনই নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। একই সাথে অন্যান্য অঞ্চল থেকে রাজশাহীমুখী আসা ট্রেনগুলোর চলাচলও স্তব্ধ হয়ে গেছে। আকস্মিক এই ট্রেন ধর্মঘট ও অবরোধের ফলে হাজার হাজার সাধারণ যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই রেলস্টেশনে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করছেন, আবার অনেকে অতিরিক্ত অর্থ খরচ করে বিকল্প পথে যাত্রার চেষ্টা করছেন।

​শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকালে টিটির নানা অনিয়মের প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত টিটি সুমন ওই শিক্ষার্থীকে লাঞ্ছিত ও মারধর করেন এবং পরবর্তীতে জোরপূর্বক একটি স্টেশনে নামিয়ে দেন। এই খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত টিটি সুমনকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সামনে হাজির করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন।

​এদিকে হুট করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনে থাকা যাত্রীরা পড়েছেন মহাবিপাকে। জরুরি কাজে ঢাকাগামী যাত্রী আমিনুল ইসলাম জানান, সকাল থেকে স্টেশনে অপেক্ষায় থাকলেও ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময় কেউ জানাতে পারছে না। শারমিন আক্তার নামে অপর এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, কর্মস্থলের গুরুত্বপূর্ণ সভা থাকা সত্ত্বেও ট্রেন বন্ধ থাকায় তিনি যথাসময়ে পৌঁছাতে পারছেন না। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রত সমাধানের দাবি জানান তিনি।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে সমঝোতা বৈঠক চালিয়ে যাচ্ছেন।

​এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ জানান, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই একটি কার্যকর সমাধানের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ বলবৎ রয়েছে এবং যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0