গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব: গাজীপুর জেলা পুলিশ

০৩ নভেম্বর ২০২৬ - ০৯:৫২
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব: গাজীপুর জেলা পুলিশ
ছবি: সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক আহত বা নিহতের খবরটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে জেলা পুলিশ। এ সংক্রান্ত তথ্যকে সম্পূর্ণ অসত্য ও মনগড়া গুজব হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

​সোমাবার (২ নভেম্বর) রাতে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য স্পষ্ট করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনকে কেন্দ্র করে কোনো অশুভ শক্তি বা দুষ্কৃতকারী যেন ভাঙচুর, সহিংসতা কিংবা রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানাধীন সম্পদের ক্ষতিসাধন করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ ধৈর্য ও আইনি প্রক্রিয়া মেনে দায়িত্ব পালন করছে। সরকার ইতোমধ্যেই শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

​পুলিশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠী নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কে দিতে গুলিবর্ষণ ও হতাহতের ভুয়া তথ্য ছড়াচ্ছে। প্রকৃতপক্ষে গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে পুলিশ কোনো প্রকার গুলি বর্ষণ করেনি এবং এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

​এমন পরিস্থিতিতে বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে কান না দেওয়ার জন্য সাধারণ জনগণ ও শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে—এমন কোনো উসকানিমূলক কর্মকাণ্ড, ভাঙচুর বা সহিংসতা থেকে বিরত থেকে সবাইকে স্ব-স্ব কর্মস্থলে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0