এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর ২০৬০ টাকা
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। এর ফলে এক লাফে ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ২২৩ টাকা।
সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই মূল্য ঘোষণা করে বিইআরসি, যা ওইদিন রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা, যা আগে ছিল ৮৪ টাকা ৬২ পয়সা।
দেশে বাসাবাড়িতে রান্নার কাজে এলপিজির ব্যবহার ক্রমেই বাড়ছে। রাজধানী ঢাকা ও বড় শহরগুলোতে পাইপলাইন গ্যাসের সংযোগ সীমিত কিংবা অনুপস্থিত থাকায় বহু পরিবার সিলিন্ডার গ্যাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ফলে এলপিজির দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের রান্নার জ্বালানি বাবদ মাসিক ব্যয় আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য, আমদানি খরচ, মার্কিন ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয় বিবেচনা করে এলপিজির দাম সমন্বয় করে থাকে। তবে কমিশনের নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে বাড়তি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। নতুন এই মূল্যবৃদ্ধির পর বাজারে সঠিক দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে ভোক্তাদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ রয়ে গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











