ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

০২ নভেম্বর ২০২৬ - ১৯:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার অভিযানের সক্ষমতা বাড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত 'ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয়' শীর্ষক এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।

​সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোতে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ও সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন। একই সঙ্গে পুরানো ও ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করা, ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর ওপর জোর দেন।

​তিনি বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় জরুরি।

​এছাড়া হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা, প্রয়োজনীয় আধুনিক উদ্ধার সরঞ্জাম নিশ্চিতকরণ, উদ্ধার কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ জনগণের মাঝে আগাম সচেতনতা সৃষ্টির নির্দেশ দেন তিনি।

​উক্ত সভায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0