৬ বছরে তিন গুণ সম্পত্তি বাড়ল সারা আলি খানের, সিনেমার পারিশ্রমিক কত?
বলিউডে পা রাখার পর ইতোমধ্যে সাত বছর পার করেছেন জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারমূলক কাজের মাধ্যমে নিজের আয়ের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন সাইফ আলি খানের কন্যা। একসময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৩ কোটি রুপি থাকলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি রুপিতে। অর্থাৎ মাত্র ছয় বছরের ব্যবধানে তাঁর মোট সম্পদ প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে।
২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার হাত ধরে বড়পর্দায় অভিষেক ঘটে সারা আলি খানের। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে বলিউডের অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০১৯ সালে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি। পরবর্তীতে ২০২১ সালে তা বেড়ে প্রায় ২০ কোটি রুপি এবং ২০২৫ সালে প্রায় ২৪ কোটি রুপিতে গিয়ে ঠেকে। সাম্প্রতিক আর্থিক হিসাব অনুযায়ী, সেটি এখন প্রায় ৪১ কোটি রুপিতে পৌঁছেছে।
অভিনয়ই এই অভিনেত্রীর আয়ের মূল উৎস। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সারা সাধারণত প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রমোশনেও নিয়মিত মুখ দেখান তিনি। প্রতিটি প্রচারমূলক কাজের জন্য তিনি প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা গেছে। ফলে রুপালি পর্দার পাশাপাশি বিজ্ঞাপনী জগতেও তাঁর আর্থিক ভিত্তি বেশ পোক্ত।
ব্যক্তিগত জীবনে বিলাসবহুল যানবাহনের প্রতিও বিশেষ ঝোঁক রয়েছে সারার। তাঁর গাড়ি বহরে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি এবং জিপ কম্পাসের মতো জনপ্রিয় ও দামি সব এসইউভি গাড়ি।
পেশাগত জীবনেও বেশ ব্যস্ত সময় পার করছেন এই তারকা। বলিউডে নিজের ক্যারিয়ারের গ্রাফ আরও উঁচুতে নিয়ে যেতে নিয়মিত নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহরের প্রযোজনায় নির্মিত এই ছবিতে অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন সারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











