ইরানে নতুন সামরিক হামলার প্রস্তুতির মাঝেই ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

০১ নভেম্বর ২০২৬ - ১০:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানে নতুন সামরিক হামলার প্রস্তুতির মাঝেই ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ
ছবি সংগৃহীত

ইরানের অভ্যন্তরে নতুন করে সামরিক হামলা চালানোর প্রস্তুতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) সকালে এই দুই শীর্ষ নেতার মধ্যে কথোপকথন অনুষ্ঠিত হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়াশিংটন যখন ইরানে পুনরায় সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, ঠিক তখনই নেতানিয়াহুর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন ট্রাম্প।

​এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সংঘাতের একটি কূটনৈতিক সমাধান চান। তবে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক শক্তির মাধ্যমে নিজ লক্ষ্য অর্জনের প্রয়োজনীয় সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

​এদিকে শনিবার ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের আরও এক বা দুটি স্থাপনা ধ্বংস করার পরিকল্পনা তাদের রয়েছে। তিনি বলেন, “আমাদের এখনও এক বা দুটি স্থাপনার ব্যবস্থা নিতে হবে, যা মাত্র ১০ মিনিটের মধ্যেই করা সম্ভব।”

​কথা প্রসঙ্গে তিনি ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতের কথা উল্লেখ করে বলেন, ওই এলাকাটির বিষয়েও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাসমূহের ধারণা, পিকঅ্যাক্স পর্বত অঞ্চলে বিপজ্জনক পারমাণবিক উপাদান সংরক্ষিত থাকতে পারে। চলমান মার্কিন-ইসরায়েল সামরিক অভিযানে এখন পর্যন্ত স্থানটিতে কোনো হামলা চালানো হয়নি।

​ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, দুদেশের কূটনৈতিক আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে এবং ইরান চুক্তি সম্পাদনে আগ্রহী। তবে ইরানকে পুরোপুরি নির্ভরযোগ্য মনে করেন না উল্লেখ করে তিনি বলেন, অতীতে তারা চুক্তিতে পৌঁছানোর পরেও সরে দাঁড়িয়েছিল। এবার শেষ পর্যন্ত তারা চুক্তি করে কি না, সেটাই দেখার বিষয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0